নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে অনুষ্ঠিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।
এ বিষয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
বুধবার জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ঐতিহাসিক এ আয়োজনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যাপারে প্রধান সমন্বয়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের জনগণের আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।


