ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি সিরিয়াল প্রচারে অনুমোদন লাগবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টেলিভিশন চ‌্যানেলগুলোতে ডাবিং করা বিদেশি সিরিয়াল প্রচারের জন‌্য অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপু‌রে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তথ‌্যমন্ত্রী বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে বিদেশি ডাবিংকৃত অনুষ্ঠান প্রচার করা হচ্ছে, সেগুলোর জন্য আমরা অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছি। এগুলো একটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাওয়া প্রয়োজন। একটি সিনেমা যেমন মুক্তি পেতে হলে সেন্সর বোর্ড হয়ে আসতে হয়, তেমনি অনেক লম্বা সময় ধরে প্রচার হওয়া বিদেশি ডাবিংকৃত সিরিয়াল প্রচারের ক্ষেত্রেও অনুমতির প্রয়োজন আছে।
তি‌নি ব‌লেন, ইতোমধ্যে আমরা একটি কমিটি করেছি। ২৭ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই কমিটির প্রধান থাকবেন সরকারের একজন অতিরিক্ত সচিব। কমিটির সদস্য হিসেবে থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, সারা জাকের, টেলিভিশন ওনার্স অ‌্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি, অভিনয় শিল্পী সংঘের একজন প্রতিনিধি। একজন উপ-সচিব এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।
হাছান মাহমুদ ব‌লেন, এখন থেকে যেকোনো টেলিভিশনে যদি বিদেশি কোনো ডাবিংকৃত সিরিয়াল প্রচার করতে হয় তাহলে তা এই কমিটির কাছে আসবে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে, যাচাই-বাছাই করে দেখবে, এটি আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে, আমাদের নতুন প্রজন্মের মনন তৈরির প্রেক্ষাপটে সমাজে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কি না। এ বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দিলে তা প্রচার হবে।
তি‌নি ব‌লেন, আপনারা জানেন, মোবাইল কোম্পানিগুলো নানা ভিডিও কনটেন্ট আপলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে, আবার সেখানে বিজ্ঞাপনও দিচ্ছে। এর লাইসেন্স তাদের কিন্তু দেয়া হয়নি। তাদেরকে মোবাইল নেটওয়ার্ক পরিচালনার লাইসেন্স দেয়া হয়েছে। তারা যেভাবে ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এবং সেখানে আবার বিজ্ঞাপন নিয়ে তারা ব্যবসা করছে, এর লাইসেন্স তাদেরকে দেয়া হয়নি। এটি বন্ধ করার জন্য আমরা ইতোমধ্যে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি‌তে চিঠি দিয়েছি। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করেছি। এসব বিষয়কে একটি শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর।