নিউজ ডেস্ক : ভারতে ভ্রমণকারীদের মধ্যে প্রতি পাঁচজনের একজনই বাংলাদেশি পর্যটক। ভারত ভ্রমণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত তিন বছরে দেশটি ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি নাগরিক হলেন বাংলাদেশের। ২১ নভেম্বর দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল লোকসভায় এ তথ্য দেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ভারতে ভ্রমণকারী শীর্ষ ৬০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০১৬ সালে ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন পর্যটক বাংলাদেশ থেকে দেশটি ভ্রমণ করেছেন। ২০১৭ সালে এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জনে। ২০১৮ সালে তা সর্বোচ্চ হয়। ওই সময় বাংলাদেশ থেকে দেশটি ভ্রমণ করেছেন ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন।
ভারতীয় সংবাদমাধ্যম গো নিউজ ইন্ডিয়া জানিয়েছে, ২০১৬, ১৭ ও ১৮ সালে পর্যটনের মাধ্যমে যথাক্রমে ২২ দশমিক ৯২ বিলিয়ন, ২৭ দশমিক ৩১ বিলিয়ন এবং ২৮ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে দেশটি। কেবল ২০১৮ সালে তামিলনাড়ু রাজ্যেই গেছে ৬০ লাখ পর্যটক। এরপরেই রয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ। এছাড়াও দিল্লি, রাজস্থানেও সারা বছর প্রচুর পর্যটকের সমাগম ঘটে।
ভারতের ব্যুরো অফ ইমিগ্রেশন দপ্তরের হিসেব মতে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক যায় বাংলাদেশ থেকেই। ভারতে বাংলাদেশি পর্যটক ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মূল কারণ ভারতীয় ভিসা নীতি সহজীকরণ এবং নতুন নতুন আকর্ষণীয় জায়গা উন্মুক্ত করে দেয়া। মূলত চিকিৎসা সেবা ও ব্যবসা-বাণিজ্যের কাজেই দেশটিতে বাংলাদেশিরা ভ্রমণ করছে। এছাড়া পড়াশোনা, বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করাসহ ভ্রমণের সব ক্যাটাগরিতেই ভারতে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছে।


