ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের প্রস্তাব সমাধানের আশ্বাস রাজউকের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সংশোধিত ডিটেল এরিয়া প্ল্যানে (ড্যাপ) শিশুদের প্রস্তাব শোনার পর সেগুলো অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)।
শনিবার রাজউকের সভাকক্ষে রাজউক ও সেভ দ্য চিলড্রেন আয়োজিত শিশুবান্ধব আদর্শ নগরী গড়ে তুলতে ও শিশুদের চাহিদা ও স্বপ্নের প্রতিফলন নিশ্চিত করতে এ সভা অনুষ্ঠিত হয়।
মূলত, সংশোধিত ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) এ শিশুদের প্রস্তাব অন্তর্ভুক্তিকরণের জন্য শিশুদের সঙ্গে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় শিশুরা স্কুলে, মহল্লায় খেলার মাঠের অভাব, ফুটপাতে সাইকেল ও মোটরসাইকেল উঠায় চলাচলে সমস্যা, বিনোদন কেন্দ্রের সল্পতা, আগের প্রস্তাবনার বাস্তবায়ন না হওয়াসহ নানা সমস্যা তুলে ধরেন। পাশাপাশি এগুলো সমাধানের প্রস্তাবনাও দেন তারা।
এ সময় রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদসহ উপস্থিত সংশ্লিষ্টরা তারা প্রস্তাবনাগুলো ড্যাপে অন্তর্ভূক্ত করার আশ্বাস দেন।
মোহাম্মদপুর থেকে আসা এস স্কুল ছাত্রী বলেন, ফুটপাতে সাইকেল চলে, মোটরসাইকেলও চলে। আমরা ফুটপাত মুক্ত চাচ্ছি।
আরেক শিক্ষার্থী বলেন, শিশুদের জন্য কিছু উদ্যোগ দেখেছি। কিন্তু এর কোনো বাস্তবায়ন চোখে পড়ছে না।
মিরপুর কলেজের শিক্ষার্থী জাহানার নোভা জানতে চান, স্বল্প দূরত্বের মধ্য এলাকাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রস্তাবনা এসেছে সেখানে কোনো বৈষম্য হবে কি না।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাংলাদেশ নগরবাসীর মানুষের সংখ্যা প্রায় চার কোটি ২৭ লাখ। যার প্রায় অর্ধেক শিশু এবং কিশোর। সরকার ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়ার লক্ষ্যে নির্ধারণ করেছে। সে লক্ষ্যে কাজ করছে সরকার, এরই অংশ হিসেবে একটি পরিকল্পিত বাসযোগ্য ও উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সংশোধিত ড্যাপ বাস্তবায়ন করবে রাজউক। তাই এখানে শিশুদেরও মতামত নেওয়া হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, শিশু-কিশোরদের জন্য একটি বাসযোগ্য নিরাপদ ও শিশুবান্ধব নগরী গড়ে তুলতে শিশুদের ভাবনা এবং মতামত বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঢাকার বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় ২০০ জন শিশুর সাথে রাজউক কর্তৃপক্ষ এবং উপস্থিত অন্যান্য অংশীজনদের সাথে সক্রিয় আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে ড্যাপ নিয়ে তাদের চিন্তা ভাবনা ও প্রস্তাবনাগুলো চূড়ান্ত করা হবে।
এর আগে চলতি বছরের ৪ মে প্রায় আড়াইশ শিশু রাজউকের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেয়। এতে ড্যাপ এ ঢাকা শহরকে তারা কিভাবে দেখতে চায় এবং এ বিষয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরে। সেই সভায় সিদ্ধান্ত হয়, রাজউক শিশুদের প্রস্তাবনাগুলোকে সংশোধিত ড্যাপে অন্তর্ভুক্ত করবে এবং তা জানাতে পরবর্তী একটি চূড়ান্তকরণ কর্মশালা আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, ড্যাপ এর প্রকল্পের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, রাজউকের সদস্য (পরিকল্পনা) আজহারুল ইসলাম খান, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর সৈয়দ মতিউল আহসান প্রমুখ।