স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও অব্যাহত স্লেজিং। এক্ষেত্রে ঘটনার কেন্দ্রে ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের ২৩তম ওভারে। বোলার ছিলেন জেমস ফকনার। মিডঅফে রোহিতের পুশ করা বলে ফিল্ডার ছিলেন ওয়ার্নার। ভারতীয় ওপেনার ক্রিজ থেকে কিছুটা বাইরে বের হয়ে এসেছিলেন। সেটা দেখে বল উইকেটে থ্রো করেন ওয়ার্নার। তখন বল রোহিতের পায়ে লেগে ফাইন লিগে গেলে রান নেয়ার জন্য ছুট দেন মুম্বাইওয়ালা ব্যাটসম্যান।
সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এসে রোহিতের রান নেয়ার প্রতিবাদ করেন গ্লেন ম্যাক্সওয়েল। কারণ, ক্রিকেটের অলিখিত নিয়মানুয়ী ব্যাটসম্যানের পা বা গায়ে লেগে ফিল্ডারের ছোড়া বল যদি দূরে যায়, তখন ব্যাটসম্যান রান নেবেন না। এই অবস্থায় ম্যাক্সওয়েলকে পাল্টা কিছু বলেন রোহিত। তখন সামনে ছুঁটে এসে ভারতীয় ওপেনারকে বাক্যবাণে কাবু করার চেষ্টা করেন ওয়ার্নার। প্রায় এক মিনিট ধরে চলে তাদের বচসা। পরে সুরেশ রায়না, অন্যান্য ভারতীয় খেলোয়াড় ও আম্পায়ারদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবারসীয় ম্যাচ পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে তীব্র বচসায় জড়ানোর জন্য ডেভিড ওয়ার্নারের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারিরা।

