ঢাকাWednesday , 13 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবরার হত্যার বিচার শিগগির হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার শিগগির হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের বিষয়টি পুলিশের অধীনে নয়, বিচার আদালত করবে। আমরা আগেই বলেছি, আমরা নির্ভুল চার্জশিট দেয়ার জন্য প্রচেষ্টা চালাব। আমরা আশা করি, আমাদের তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিট দিয়েছে, তা নির্ভুল। শিগগিরই এ মামলার বিচার হবে।
পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের কাছে তথ্য থাকলে তাদের ধরে ফেলতাম। তবে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঘরের কোনোখানে আশ্রয়-প্রশ্রয়ে হয়ত আছে, আমরা ধরে ফেলব।
সড়ক পরিবহন আইন প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সড়ক বিভাগের মন্ত্রী বলেছেন, কিছুদিন আইনটি সম্পর্কে সবাইকে জানানো হচ্ছে। সময়মতো তিনি আইনটি প্রয়োগে আমাদের নির্দেশনা দেবেন। দেশের মানুষের মধ্যে আইন মেনে চলার প্রচেষ্টা রয়েছে। বিআরটিএতে ভিড় লেগে গেছে। কারণ, জনগণকে বোঝালে তারা আইন মানার চেষ্টা করে।
আইনশৃঙ্খলা বাহিনী সড়ক পরিবহন আইন নিয়ে কাজ করতে কতটা প্রস্তুত? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, তারা তা পূর্ণভাবেই পালন করছে। তাদের মধ্যে আন্তরিকতার অভাব নেই, প্রচেষ্টাতেও দুর্বলতা দেখছি না। আশা করি, আমরা শিগগিরই সুন্দর রাস্তা পাব।
দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কোনো অভিযান থেমে নেই। অভিযান চলছে। তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। যেখানেই তথ্য পাচ্ছি, সেখানেই ধরা হচ্ছে। এই অভিযান চলবে।