ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাহের শাহ’র নেতৃত্বে জশনে জুলুস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানবতার মুক্তির দূত, রাহমাতুল্লীল আলামিন, প্রিয় নবী হজরত মুহম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর শুভাগমন উপলক্ষে প্রতি বছরের ন্যয় এবারও আওলাদে রাসূল আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী) এর নেতৃত্বে রাজধানীতে বিশাল জশনে জুলুস ও মিলাদুন্নবী (সা.) মাহফিল হয়েছে।
আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণ হতে এই জুলুস বের হয়। আজিমুশ্মান এই জুলুস (ধর্মীয় র‌্যালি) মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ অ‌্যাভিনিউ, নুরজাহান রোড, তাজমহল রোড, শিয়া মসজিদ, শ্যামলী, খিলজী রোড, বাবর রোড হয়ে আবার মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জুলুসে ঢাকা মহানগরী থেকে হাজার হাজার আশেকে রাসূল অংশ নেন। এ সময় তাদের মুখে ছিল নারায়ে তকবির, আল্লাহু আকবার, নারায়ে রেসালত-ইয়া রাসূলুল্লাহ (সা.) শ্লোগান। ভাবগম্ভীর পরিবেশে এই জশনে জুলুস হয়।
পরে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা ময়দানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্র সভাপতিত্বে পবিত্র রবিউল আওয়াল মাসে রাহমাতুল্লীল আলামিন হজরত মুহম্মদ (সা.) এর শুভাগমন নিয়ে আলোচনা ও মিলাদ হয়।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন সাহেবজাদা হুজুর কেবলা আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্।
এ সময় আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ বলেন, আমরা বিশ্বাস করি রাসুলেপাক (সা.) আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত। সুতরাং ১২ই রবিউল আউয়াল হুজুর করিম (সা.) এর শুভাগমনের দিন হিসেবে সারা জাহানের জন্য ঈদ তথা খুশির দিন। এদিন ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে খুশি উদযাপনে ইসলামে কোন বাধা নেই, বরং শরীয়ত সম্মত। এদিন খুশি উদযাপন করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উত্তম উছিলা।
উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও হাফেজ মাওলানা মুনিরুজ্জামান এর সঞ্চলানায় জশনে জুলুস ও ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) এর ফজিলত তুলে ধরে বক্তব্য রাখেন জামেয়া-আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা ওবায়দুল হক নঈমী, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রিজভী, আল্লামা জসিম উদ্দিন আল-আজহারী, মুফতী মাহমুদুল হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান, আঞ্জুমানের অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মো. সিরাজুল হক, ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান, আলহাজ্ব মো. শহীদ উল্লাহ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি আলাহাজ্ব মো. নুরুল ইসলাম রতন, আঞ্জুমানের ঢাকা নেতা মো. সিরাজুল হক, মিজানুর রহমান, আব্দুল মালেক বুলবুল, শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, শাহ্ হোসেন ইকবাল, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতারা।
বক্তারা বলেন, অন্ধকারাচ্ছন্ন মানবজাতিকে মুক্তি দিতে মাহে রবিউল আওয়াল মাসের ১২ তারিখে মহান আল্লাহ পাক প্রিয় হাবীব হুজুর করিম (সা.) কে এ পৃথিবীতে প্রেরণ করেন। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির শানে। যাঁর সম্পর্কে স্বয়ং আল্লাহপাক বলেন- আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। হে মাহবুব আপনি বলুন, আল্লাহর রহমত ও করুনা প্রাপ্তির কারণে বান্দারা যেন খুশি উদযাপন করে। এটা তাদের সকল সঞ্চিত এবাদত হতেও উত্তম।
মাহফিলে আলোচনা শেষে খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্।
উল্লেখ্য, পবিত্র রবিউল আউয়াল মাসে হুজুরে করিম (সা.) এর এ ধরায় শুভাগমনকে স্মরণ করে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট প্রতি বছর ৯ই রবিউল আউয়াল ঢাকা মহানগরীতে এবং ১২ই রবিউল আউয়াল চট্টগ্রাম বন্দর নগরীতে যথাযোগ‌্য মর্যাদায় জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) কর্মসূচি পালন করে আসছে।