বিনোদন প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমিয় বাণী আর সুরে বাঙালি উদ্দীপনা খুঁজে পায়। কবিগুরুর সেই সুর ও বাণীকে প্রতিবাদের হাতিয়ার করে শিল্পানুরাগীদের সামনে গত নয় বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে সংগীত সংগঠন ‘উত্তরায়ণ’।
আগামী ২ নভেম্বর রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য। এদিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরায়ণের পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।
এই আয়োজন প্রসঙ্গে লিলি ইসলাম বলেন, ‘প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তাঁর গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তাঁর ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলি দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। শুধু ভ্রমণ-ই করতেন তা নয়, যখন যে দেশে গেছেন সে দেশ সম্পর্কে যথেষ্ট অবহিত হয়েছেন। তাঁর লেখনিতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক নানাভাবে উঠে এসেছে। আমরা এবার চেষ্টা করেছি তাঁর ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি, সবার ভালো লাগবে।’
‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যবৃন্দ।

