বিনোদন ডেস্ক : তাহসান রহমান খান। তাহসান নামে অধিক পরিচিত তিনি। ছায়ানট থেকে ৬ বছর রবীন্দ্রসংগীতে তালিম নেন। ১৯৯৮ সালে ব্ল্যাক নামে ব্যান্ডদল গঠনের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাহসান। তারপর ২০০৩ সালে আফসানা মিমির ‘অফবিট’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান। এখন দুই অঙ্গনেই সমান জনপ্রিয় এই তারকা।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তাহসান। সম্প্রতি শততম নাটকে অভিনয় করলেন তিনি। ভক্তদের পাঠানো গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কল্পতরু’ নামে একক এ নাটক। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ্।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমার শততম কাজটি একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম। এজন্য দুই মাস আগে গ্রুপে গল্প চেয়ে একটি পোস্ট দেয়া হয়েছিল। সেখান থেকে বাছাই করে এই গল্প নির্বাচন করা হয়েছে। কল্পতরুর গল্প পাঠিয়েছেন ফারিয়া কবির আভা।’
এ নাটকে তাহসানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। এ নাটকের মধ্য দিয়ে বিয়ের পর কাজে ফিরলেন সাবি।
বিশেষ এই কাজটি স্মরণীয় করে রাখতে ‘কল্পতরু’ নাটকের ইউনিটের সঙ্গে কেক কাটেন তাহসান। মাসুদ উল হাসানের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। তিনি বলেন, ‘তাহসানকে বলেছিলাম তার শততম নাটক আমি প্রযোজনা করব। সে আমাকে নিরাশ করেনি। এমনিতে অসম্ভব ভালো একজন মানুষ তাহসান। আমিও তার দেয়া সম্মানের পুরস্কার দেয়ার চেষ্টা করেছি।’
নাটকের পাশাপাশি বড় পর্দায়ও অভিষেক হয়েছে তাহসানের। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ চলচ্চিত্রে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গত ৮ মার্চ মুক্তি পায় এ সিনেমা।

