স্পোর্টস ডেস্ক : রাঁচিতে ছক্কা হাঁকিয়ে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি উদযাপন করেছিলেন রোহিত শর্মা। সেঞ্চুরির পর ছক্কা মেরে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় এ রান মেশিন। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে ভারত।
ভক্তদের অপেক্ষায় রেখে ১৯৯ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনে লাঞ্চে গিয়েছিলেন রোহিত শর্মা। বিরতির পর দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডির করা ইনিংসের ৮৮তম ওভারের প্রথম বলেই ছক্কা মারেন রোহিত। তাতেই সাদা পোষাকে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান হিটম্যান। ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও টেস্টে এ প্রথম ডাবল সেঞ্চুরির পেলেন তিনি।
২৪৯ বলে ডাবল সেঞ্চুরির দেখা পান রোহিত। অবশ্য এরপর খুব বেশি দূর যেতে পারেননি তিনি। ২১২ রানের মাথায় প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার শিকার হয়েছেন তিনি। তার দুর্দান্ত এ ইনিংসটি ২৮টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল।
রোহিতের এই ব্যাটিং বিপ্লবের মাঝে টেস্ট ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি করলেন আজিঙ্কা রাহানে। শনিবার টেস্টর প্রথম দিনে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ ১৯২ বলে ১১৭ রানের ইনিংস খেলে প্রোটিয়া বোলার লিন্ডের শিকার হয়েছেন রাহানে।

