স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও লা লিগা ও সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। ওই শিরোপা জয়ের পর এবার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের হাতে বোনাস তুলে দিয়েছে বার্সেলোনা।
ঘরোয়া লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের আর্থিক পুরস্কার পেয়েছেন বার্সার খেলোয়াড়রা। বোনাস ও ‘অ্যাড অনস’ মিলিয়ে খেলোয়াড়দের ৯২মিলিয়ন ইউরো দিয়েছে কাতালান ক্লাবটি। বার্সার বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
গত মৌসুমে খেলোয়াড় ও কোচের পারিশ্রমিক বাবদ ৫২৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সা। এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে খরচ হয়েছে ৪১৭ মিলিয়ন ইউরো। তবে ২০১৮ সালে দেওয়া বোনাসের তুলনায় এবার ২ মিলিয়ন ইউরো কম দিয়েছে বার্সা। কিন্তু ২০১৫ সালে ‘ট্রেবল’ জয়ের দেওয়া বোনাসের তুলনায় এবারের অঙ্কটা তিন মিলিয়ন ইউরো বেশি।
পিএসজি থেকে নেইমারকে ফেরানোর চেষ্টায় রয়েছে বার্সেলোনা। নতুন চুক্তির জন্য নিজেদের বাজেট বাড়াতে ইভান রাকিতিচ, উসমান দেম্বেলে কিংবা স্যামুয়েল উমিতিকে বিক্রি করে দিতে পারে কাতালান ক্লাবটি।

