নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা এ দাবি জানান।
তাদের এ দাবিতে সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন,বুয়েটে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজন নেই।
মঙ্গলবার ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ছাত্র কল্যাণ উপদেষ্টা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে আমার মনে হয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকার দরকার আছে। বুয়েটে ছাত্র রাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই।’
তবে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে কিছু না বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা।
একপর্যায়ে মিজানুর রহমান বলেন, ‘আমি উপাচার্যকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলতে পারি। এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
এদিকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার জন্য আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে এ আল্টিমেটাম উল্লেখ করা হয়েছে।

