স্পোর্টস ডেস্ক : নিউক্যাসেলের বর্তমান ম্যানেজার স্টিভ ব্রুস। তার কোচিং ক্যারিয়ারে এর আগে ২২ বার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু একবারও রেড ডেভিলসদের হারাতে পারেননি। অবশেষে ২৩তম বারের প্রচেষ্টায় রোববার রাতে হারিয়ে দিয়েছেন ম্যানইউকে। ঘরের মাঠে তারা জয় পেয়েছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ম্যাথিউ লংস্টাফ।
ইউরোপে লিগের ম্যাচেও জালের নাগাল পায়নি ম্যানইউ। গোলশূন্য ড্র করেছিল এজেড আলকামারের সঙ্গে। এবার নিউক্যাসেলের কাছে হেরেই গেল তারা। গেল মার্চ থেকে অ্যাওয়ে ম্যাচে কোনো জয় পায়নি ম্যানচেস্টারের দলটি। আগের ম্যাচে নিউক্যাসেল ৫-০ গোলে হেরেছিল লেস্টার সিটির কাছে। পরের ম্যাচে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ালো।
রোববার পল পগবা ও জেসে লিনগার্ডকে ছাড়াই মাঠে নেমেছিল ইউনাইটেড। ম্যাচে ছিলেন না অ্যান্থনি মার্শাল ও লুক শ। ম্যাচের ২৮ মিনিটেই লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নিউক্যাসেল। কিন্তু লংস্টাফের নেওয়া শট ক্রসবারে লাগে। ম্যাচের ৪১ মিনিটে ম্যানইউ প্রথম শট নেয় অন টার্গেটে। এ সময় আন্দ্রেয়াস পেরেইরার নেওয়া শটটিতে কোয়ালিটির অভাব ছিল। প্রথমার্ধের বিরতির আগে হ্যারি মাগুইরি দারুণ সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু তার নেওয়া হেড বিফলে যায়।
ম্যাচের ২০ মিনিট থাকতে নিউক্যাসেল লিড নেয়। এ সময় প্রতি আক্রমণে দারুণ একটি গোল করেন লংস্টাফ। বাইরের থেকে নেওয়া তার শট ডেভিড ডি গিয়ার উপর দিয়ে জালে আশ্রয় নেয়। মোদ্দাকথা রোববার রাতে ম্যানইউ বল দখলে রেখেছে অনেক। কিন্তু পিলে চমকানো কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি। ফলে খালিহাতে মাঠ ছাড়তে হয়েছে ওলে গুনার শুলশারের শিষ্যদের।

