বিনোদন প্রতিবেদক : বর্তমান প্রজন্মের পরিচিত মুখ বর্ষা চৌধুরী। এক সময় নিয়মিত গান করতেন তিনি। মাঝে দীর্ঘ দিন গান থেকে দূরে ছিলেন। প্রায় ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন এই কণ্ঠশিল্পী। এরই মাধ্যমে প্রথমবার রবীন্দ্রসংগীত গাইলেন বর্ষা।
গানটির সংগীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ। মগবাজারে বাসুদেব ঘোষের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগির গানটি নিয়ে ভিডিও নির্মিত হবে।
এ প্রসঙ্গে বর্ষা চৌধুরী বলেন, ‘গান আমাকে মানসিক স্বস্তি দেয়, গান আমাকে বাঁচতে শেখায়, গান আমার আত্মার খোরাক। মাঝে বিরতি নিলেও গান থেকে দূরে থাকতে পারিনি। তাই আবারো ফিরলাম। তবে এবার রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছি। গানটি অনেক যত্নসহকারে তৈরি করেছি। আশা করছি, শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
এর আগে সাতটি একক অ্যালবাম ও এক ডজনেরও বেশি মিক্সড অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন বর্ষা। তার উল্লেখযোগ্য মৌলিক গান হলো— ‘ফল ইন লাভ’, ‘সুখের আবেশ’, ‘লাইলি মজনু’, ‘প্রেম কুমারী’, ‘বঙ্গবন্ধু হে মহান নেতা’।
এছাড়া জিঙ্গেলসহ চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এই সংগীতশিল্পী।

