স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলবেন এবি ডি ভিলিয়ার্স। এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এ তারকা ক্রিকেটার।
ডি ভিলিয়ার্স বিগ ব্যাশে যোগদানের ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার খেলার সম্ভাবনা কমে গেছে। কারন বিগ ব্যাশ শুরু হবে ১৭ ডিসেম্বর। এর প্রায় দশ দিন আগে শুরু হবে বিপিএল। ফলে গতবার রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো এই তারকাকে এবার কোনো দল স্কোয়াডে ভেড়ানোর সুযোগ পাচ্ছে না।
শুরুতে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে চেয়েছিল বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট। তবে তাকে না পাওয়ায় আরেক হার্ডহিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের দিকে এগিয়েছে দলটি। প্রোটিয়া এ তারকার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া টুর্নামেন্টে দাপিয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। এবারের আইপিএলে রয়্যাল চালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ১৫৪ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪২ রান, ছিল পাঁচটি হাফ সেঞ্চুরিও। ইংল্যান্ড টি-টোয়েন্টি ব্লাস্টেও দেখা গেছে এবির ব্যাটের ঝড়। ১৮২ স্ট্রাইক রেট ও ৬৯.৬ গড়ে করেছেন ৩৪৮ রান।
বিগ ব্যাশে ভালো কিছুর করার কথা জানিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবসরের পর আপনি ক্রিকেটও খেলতে চান, আবার বাড়িতেও থাকতে চান। এই মুহূর্তে কোথায় খেলব সেই ব্যাপারে ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেই। বয়স হয়েছে তাই সব জায়গায় খেলতে পারব না। বড়দিনের সময় আমি বাড়িতে সময় কাটাবো। তাই ব্রিসবেনকে আর না বলতে পারলাম না। বিগ ব্যাশের মান অনেক ভালো, লোকে সেটাই বলে।’
বিশ্বের বিভিন্ন লিগের প্রস্তাব পেলেও বিগ ব্যাশকে পছন্দের কারণ জানিয়ে এবি বলেন, ‘ব্রিসবেন কোচ লেম্যানের সাথে অনেকদিন ধরেই যোগাযোগ হচ্ছে। এখানে খেলার পেছনে তার ভূমিকাটাই সবচেয়ে বেশি। তিনি যেভাবে অস্ট্রেলিয়া দলকে সামলেছেন, সেটাকে আমি খুব সম্মান করি। তার থেকে অনেক কিছু শেখার আছে।’

