বিনোদন ডেস্ক : ঢাকার মঞ্চের নতুন নাটকের দল থিয়েট্রোন ঢাকা ডট বিডি। দলটির প্রথম প্রযোজনা ‘সিচুয়ানের সুকন্যা’। গত ৩০ জুলাই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি ভবনের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির চতুর্থ মঞ্চায়ন হবে। বার্টল্ড ব্রেখটের ‘দ্য গুড ওমেন অব সিচুয়ান’ নাটকের অনুবাদ করেছেন মামুন হক। নাটকটি নির্দেশনায় রয়েছেন সম্রাট প্রামাণিক।
গল্প প্রসঙ্গে এ নির্দেশক জানান, বিশ্ব বিখ্যাত জার্মান কবি, নাট্যকার ও নির্দেশক ইউজিন বার্টল্ড ফ্রেডরিক ব্রেখট। ১৮৯৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৫ সালে পূর্ব বার্লিনে মৃত্যুবরণ করেন। বিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে বার্টল্ড ব্রেখট মূলত নাট্যকার হিসেবে নন্দিত হন। তিনি নাট্যকলা সম্পর্কে নিজস্ব নাট্যচিন্তা ও ধ্যান-ধারণায় এনেছেন নতুন নাট্যকৌশল ‘এপিক থিয়েটার’। যা ছিল পূর্ববর্তী ক্লাসিক্যাল অ্যারিস্টটলীয় নাট্যধারার বিপরীত। তিনি দর্শকদের নাটকীয় ইন্দ্রজালের নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে চিন্তাশীল, গতিশীল বিশ্লেষণী ভূমিকায় অবতীর্ণ করেন। মার্কসবাদী চিন্তায় উদ্বুদ্ধ বার্টল্ড ব্রেখটের নাটকে উৎসারিত হয়েছে তৎকালীন আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং সমাজের সাদা-কালো শাসক-শোষিতের সুস্পষ্ট দ্বন্দ্ব। বার্টল্ড ব্রেখটের ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকটি এই চিন্তাধারার বাইরে নয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— জিনিয়া আজাদ, কৌশিক বিশ্বাস, সাদমান সাঈদ, বাপ্পি আমিন, তন্ময় বিশ্বাস, বাপ্পা রায়, শরীফুল ইসলাম, পার্থ সরকার, মাহমুদ শাকিল, ইবনে সাকিব, ফজলে রাব্বী, সায়লা পারভীন প্রিয়া, সাবরিন সুলতানা ও শিউলী ইসলাম।
নাটকের ডিজাইন উপদেষ্টা আলি আহমেদ মুকুল, সেট নুর হোসেন, প্রপস এসএম সাইফুল হাসান, পোশাক শ্রেয়স্রী সরকার, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, সংগীত পরিকল্পনায় আহসান হাবীব বিপু, রূপসজ্জায় এসএম সাইফুল হাসান, মঞ্চ ব্যবস্থাপনা নুর-ই-আলম সুমন, সহকারী মঞ্চ ব্যবস্থাপনা আহমেদ কিংশুক, প্রযোজনা নির্বাহী নুর-ই-আলম সুমন।

