বিনোদন ডেস্ক : এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। ‘আপন করে নাও’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি। গানটি কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব।
এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘একেবারেই নতুন ঢঙের গান এটি। এই ধরনের মিউজিকে এখন গান হয় না বললেই চলে। এ ধরনের গান আমার পছন্দ। গানটিতে নতুনভাবে পাবেন দর্শক-শ্রোতারা।’
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। সম্প্রতি ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন আবিদ হাসান। ২৮ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি হবে গানটি।
২০১২ সালে গানভিত্তিক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এ রানার্সআপ নির্বাচিত হন কর্নিয়া। সেই থেকে পথচলা শুরু। এরপর ‘গাঙচিল’, ‘লাগ ভেলকি’, ‘বাঁকা চোখ’, ‘তোমায়’, ‘শুভ নববর্ষ’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী। প্রকাশিত হয়েছে বেশ কিছু মিক্সড অ্যালবাম। চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করছেন এই সংগীতশিল্পী।

