বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি। ২০১৮ সালে বাংলাদেশের তাপসের গানে মডেল হয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশে এলেন। ভালোবাসা ও গানে বিশ্বময় শান্তি ছড়িয়ে দেয়ার শপথ ও আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো মিউজিক ফর পিস কনসার্ট। এতে অংশ নিতেই ঢাকা এসেছেন বলিউডের এই অভিনেত্রী।
জনপ্রিয় উপস্থাপিকা শিনা চৌহানের উপস্থাপনায় কনসার্টের মধ্যমণি হয়ে ছিলেন নারগিস ফাখরি। এসময় তিনি বলেন, ‘আমি এখানে এসেছি মিউজিক ফর পিস স্লোগানের স্বপক্ষে।কেননা সংগীত সার্বজনীন।আমি অত্যন্ত আনন্দিত এমন একটি আসরে উপস্থিত হতে পেরে, যেখানে বাংলাদেশের সব তারকা, শিল্পী উপস্থিত আছেন।আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছি।আমি আমেরিকান নাগরিক, কিন্তু বলিউডে কাজ করছি।শান্তির দূত হয়ে বাংলাদেশে এসেছি।আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঠিক সংগীতের মতোই। আজ বিশ্ব শান্তি দিবস।সংগীতের মাধ্যমে সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক- এই কামনা করি।
কনসার্টে কৈলাশ খেরের সুফিবাদী গান, অদিতি সিং শর্মার আসর মাতানো পারফর্মেন্স শেষে বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলেন দেন এ অভিনেত্রী। আর তার হাতে সম্মাননা তুলে দেন ফারজানা মুন্নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত চলে এই কনসার্ট। সেখানে দেশের সংগীত, চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন।নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরী মনি, মিম, মম, আইরিন ও অধরা খান।

