বিনোদন ডেস্ক : বয়স পঞ্চাশের কোটায় তবুও ‘সিঙ্গেল’ তকমা নিয়ে ঘুরছেন বলিউড সুপারস্টার সালমান খান। বলিপাড়ায় তার প্রেমের চর্চাটাও দীর্ঘদিনের।
অতীতে সোমি আলি থেকে সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রায়কে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। এখন ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কানাকানি চলছে। এ নিয়ে অনেকবারই ভারতীয় মিডিয়ার প্রশ্নের মুখে পড়েছেন সালমান-ক্যাটরিনা। সম্প্রতি আবারো এই বহুল চর্চিত বিষয়টি নিয়ে প্রশ্ন করা টাইগার জিন্দা হ্যায় সিনেমাখ্যাত অভিনেত্রীকে।
ক্যাটরিনা বলেন, ‘এটি এমন একটি বন্ধুত্ব, যা ১৬ বছর ধরে টিকে আছে, সে প্রকৃত বন্ধু। প্রয়োজনে সবসময়ই তাকে পাশে পাবেন। হয়তো সে সবসময় সঙ্গে থাকবে না। কিন্তু বিপদে তিনি বন্ধুদের পাশে থাকেন।’
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ম্যায়নে পেয়ার কিউ কিয়া সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন সালমান-ক্যাটরিনা। এরপর পার্টনার, যুবরাজ সিনেমাতে দেখা যায় তাদের। পরবর্তীতে তাদের প্রেমের গুঞ্জন রটে। যদিও ২০০৯ সালে আজব প্রেম কি গজব কাহানি সিনেমা করতে গিয়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ফলে সালমানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্য এর মাঝে ২০১২ সালে এক থা টাইগার সিনেমায় জুটি বাঁধেন সালমান-ক্যাটরিনা।
২০১৬ সালের জানুয়ারিতে রণবীর-ক্যাটরিনার ব্রেকআপ হয় এবং আবারো সালমানের সঙ্গে এ অভিনেত্রীর সম্পর্ক জোড়া লাগে। ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায় সিনেমার মাধ্যমে আবারো পর্দায় সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা যায়। এছাড়া চলতি বছর মুক্তি পেয়েছে এ জুটির ভারত সিনেমাটি।

