স্পোর্টস ডেস্ক : দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি জুভেন্টাস। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। চারটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
ওয়ান্ডা মেট্রোপলিতানোতে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন জুভেন্টাসের হুয়ান কুয়ার্দাদো। ডি বক্সে বাঁ পায়ের বুলেট গতির শটে বল জালে পাঠান প্রাক্তন চেলসি উইঙ্গার।
৬৫ মিনিটে জুভেন্টাসকে ২-০ গোলে এগিয়ে দেন ব্লাইস মাতুইদি। বাঁ দিক থেকে অ্যালেক্স সান্দ্রোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড়।
চার মিনিট পরই হেডে গোল করে ব্যবধান কমান অ্যাটলেটিকোর স্টেফান সাভিচ। তাতে জমে উঠে ম্যাচ।
খানিক পর গোলের সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়াইন। তবে তার দূর থেকে নেওয়া শট ফিরিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাক। ফিরতি বলে শট নিয়েছিলেন মাতুইদি, এবার সেটি গোললাইন থেকে ফেরান কিয়েরন ট্রিপিয়ার।
নির্ধারিত সময়ের একবারে শেষ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা হেক্টর হেরেরা। কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান তিনি।
যোগ করা সময়ে নায়ক হওয়ার সুযোগ এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। ডি বক্সে ঢুকে সাভিচকে পরাস্ত করেছিলেন। তবে শটটা লক্ষ্যে রাখতে পারেননি জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড।

