বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এ অভিনেতার সাহো সিনেমাটি। মাল্টি ল্যাঙ্গুয়াল সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার।
তবে এ অভিনেতা জানিয়েছেন, বলিউডে কিছু বৈষম্যের শিকার হয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রভাস বলেন, ‘এটি প্রতিটি অঞ্চলেই রয়েছে। প্রত্যেক অঞ্চলের মানুষের নিজস্ব কিছু অভিনেতা রয়েছেন। এদের মধ্যে অনেকে ২০-৩০ বছর ধরে কাজ করছেন। আর তাই এমন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি সিনেমা ভালো হয় সবাই এটি অবশ্যই দেখবে। যদি তা না হতো নতুন অভিনেতা, পরিচালকরা কখনোই সুযোগ পেত না। বাহুবলি এমন অনেক বৈষম্য দূর করেছে এবং পুরো ভারতজুড়ে সিনেমা মুক্তির পথ তৈরি করেছে। ভবিষ্যতে এমন অনেক সিনেমা তৈরি হবে।’
হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো। গত ৩০ আগস্ট ভারতের প্রায় সাত হাজার পর্দায় মুক্তি পায় এটি। এর মধ্যে দক্ষিণে ২ হাজার ৭০০ এবং হিন্দি ভাষায় ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি। মুক্তির পর মাত্র ১০ দিনে বক্স অফিসে প্রায় ৪৫০ কোটি রুপি আয় করেছে এটি। বক্স অফিসে দাপট চালালেও দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি।
সাহো প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশন্স। এটি পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর প্রমুখ।

