বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বিপাশা কবির। চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘মুশকিল বেবি’ শিরোনামের গানে মডেল হয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
‘মুশকিল বেবি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সম্প্রতি গাজীপুরের একটি শুটিং হাউজে গানটির দৃশ্যধারণ করা হয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আসিফ ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। খুবই চমৎকার কাজ হয়েছে। দৃশ্যধারণ দারুণ হয়েছে! আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
এসএস মাল্টিমিডিয়ার ব্যানারে ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে। লাক্স তারকা বিপাশা কবিরের ইতোমধ্যে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এর আগে বিপাশা নিয়মিত চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছেন।

