বিনোদন ডেস্ক: বলিউড রোমান্স কিং শাহরুখ খান। শোনা যাচ্ছে, অ্যাকশন ঘরানার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন আলী আব্বাস জাফর। এতে শাহরুখের বিপরীতে ক্যাটরিনাকে নিতে চাইছেন এ নির্মাতা।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘ক্যাটরিনা ও আলী একটি সফল জুটি। অতীতে তারা অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এবং এ নির্মাতা ক্যাটরিনার সঙ্গে আবারো কাজ করতে চাইছেন। শিগগির এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’
জানা গেছে, ২০২০ সালের অন্যতম বড় বাজেটের সিনেমা হতে চলেছে এটি। সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আগামী বছরের শুরুতে এটির শুটিং শুরু হবে। বর্তমানে তার প্রযোজিত খালি পিলি সিনেমা নিয়ে ব্যস্ত আলী আব্বাস জাফর। শাহরুখের প্রজেক্টটির চিত্রনাট্যের জন্য তার আরো কিছু সময় লাগবে।
সবকিছু ঠিক থাকলে এটি হবে শাহরুখ-ক্যাটরিনার একসঙ্গে তৃতীয় সিনেমা। এর আগে জব তক হ্যায় জান ও জিরো সিনেমায় দেখা গেছে তাদের।

