বিনোদন প্রতিবেদক: গত কয়েক বছরে দেশের আলোচিত সিনেমার সংখ্যা খুব বেশি নয়। সংক্ষিপ্ত এ তালিকায় জায়গা করে নেয় ‘অগ্নি’ সিনেমাটি।
নায়িকা নির্ভর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। সিনেমাটি ব্যবসায়ীকভাবেও সফল হয়। এরপর নায়ক পরিবর্তন করে ওপার বাংলার ওমকে নিয়ে এ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অগ্নি-২’ নির্মিত হয়। এটিও বেশ আলোচিত সিনেমা। এবার ‘অগ্নি-৩’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এরই মধ্যে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। খুব শিগগির শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে। তবে এতে কে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি। কিন্তু নায়িকা হিসেবে মাহি থাকছে না তা নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। পূর্বের মতো এ সিনেমাটিও পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।
বছর খানেক আগে গুঞ্জন উঠেছিল, ‘অগ্নি-৩’ সিনেমায় মাহির পরিবর্তে নায়িকা হিসেবে থাকবেন নবাগত ফারিন। কিন্তু সেটাও হচ্ছে না বলে জানা গেছে। ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিন। এরপর হঠাৎ চলচ্চিত্র থেকে হারিয়ে যান এই অভিনেত্রী।

