বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন জন আব্রাহাম ও কাজল আগরওয়াল। মুম্বাই সাগা সিনেমায় রোমান্স করতে দেখা যাবে তাদের।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সঞ্জয় গুপ্তা বলেন, ‘আমার গ্যাংস্টার সিনেমায় সবসময় একজন নারী চরিত্র থাকে। এই চরিত্রটি জনের প্রেমিকা হিসেবে শুরু হবে এবং পরবর্তী সময়ে তার স্ত্রী হয়। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে ১৭ বছর বয়সি কলেজ ছাত্রী, একজন স্ত্রী ও ৩০ বছর বয়সি নারীর ভূমিকায় অভিনয় করতে পারবে। আমি কাজল আগরওয়ালের অভিনয়ের ভক্ত। অত্যন্ত খুশি যে তার সঙ্গে কাজ করতে পারছি।’
আশি-নব্বই দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে গ্যাংস্টার ঘরানার সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন— সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, ইমরান হাশমি, রোহিত রায়, সোমির সোনি, অমল গুপ্তা, প্রতীক বাব্বার প্রমুখ।
গতকাল মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আজ বুধবার শুটিংয়ে অংশ নেবেন কাজল।

