স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের জয়ের নায়ক ছিলেন লুকাস মউরা। গতবার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ব্রাজিলিয়ান এ তারকাকে পুরস্কৃত করেছে ইংলিশ লিগের ক্লাবটি। তার সঙ্গে আরও এক বছর চুক্তি নবয়ান করেছে স্পার্সরা।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত টটেনহ্যামে থাকার কথা রয়েছে মউরার। ১২ মাস চুক্তি বাড়ানোয় এবার ২০২৪ সাল পর্যন্ত হোয়াইট হার্ট লেনের ক্লাবটিতে থাকবেন তিনি।
২০১৮ সালের জানুয়ারিতে পিএসজি থেকে টটেনহ্যামে যোগ দেন মউরা। গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি পর্বে দারুণ এক হ্যাটট্রিক করে দলকে প্রথমবারের মতো নিয়ে যান প্রতিযোগিতার ফাইনালে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচে মউরা করেন ১৫ গোল। মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ এক জয়। এবার ইংলিশ লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে মাউরিসিও পচেত্তিনোর ক্লাবটি।

