স্পোর্টস ডেস্ক : এজবাস্টনে শেষ দিনে হাসবে কে? অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড! নাকি ড্র হবে দুই দলের লড়াই।
এজবাস্টনে শেষ দিনে আজ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৮৫ রান। অস্ট্রেলিয়ার ১০ উইকেট। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৯৮ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৩ রান তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। ররি বার্নস ৭ ও জেসন রয় ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
রোববার এজবাস্টন রাঙিয়েছেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও স্মিথ পেয়েছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর স্মিথ দ্বিতীয় ইনিংসে করেছেন ১৪২। মাত্র পঞ্চম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে করলেন অ্যাশেজে এক টেস্টে জোড়া সেঞ্চুরি। ২০০২ সালে অ্যাশেজের এক টেস্টে দুই সেঞ্চুরির দেখা পান ম্যাথু হেডেন। ব্রিসবেনে প্রথম ইনিংসে ১৯৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন অসি এ তারকা। এবার এলিট এ ক্লাবে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ।
স্মিথের সেঞ্চুরির পাশাপাশি তিন অঙ্কের দেখা পেয়েছেন ম্যাথু ওয়েড। ১১০ রান আসে তার ব্যাট থেকে। দুজনের দায়িত্বশীল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ৭ উইকেটে ৪৮৭ রান। এরপর ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এর আগে দিনের শুরুতে ট্রেভিস হেড ৫১ রানে সাজঘরে ফেরেন। শেষ দিকে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড সমৃদ্ধ করেন প্যাটিনসন। লোয়ার অর্ডার ব্যাটসম্যান করেন ৪৭ রান। অধিনায়ক টিম পেইনের ব্যাট থেকে আসে ৩৪ রান। কামিন্স অপরাজিত থাকেন ২৬ রানে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সেরা বোলার বেন স্ট্রোকস। ৮৫ রানে নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন মঈন আলী।
৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে। ৭ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে স্কোরবোর্ডে ১৩ রান তুলেছে তারা। শেষ দিনে রুট, বাটলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

