স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ক্লাব লিঁও টানা ছয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছিল। তারা সবচেয়ে বেশি আটটি শিরোপাও জিতেছে ফ্রেঞ্চ কাপের। তাদের সঙ্গে আটটি শিরোপা নিয়ে গেল বছর যৌথভাবে শীর্ষে ছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শনিবার রাতে তাদের পেছনে ফেলে নবম শিরোপা জিতেছে পিএসজি। যা তাদের টানা সপ্তম শিরোপা জয়। এর মধ্য দিয়ে টানা জয় ও সবচেয়ে বেশি শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়ল কালিয়ান এমবাপে-ডি মারিয়ারা।
শনিবার ফাইনালে তারা রেনেকে হারিয়েছে ২-১ ব্যবধানে। চীনের লংগাঙ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল পিএসজি। এ সময় রেনের আদ্রিয়ান হুনউ গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেনে।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে কালিয়ান এমবাপে গোল করে সমতা ফেরান। আর ৭৩ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া গোল করে শিরোপা জেতান পিএসজিকে।
নেইমার না খেললেও দলের সঙ্গে শিরোপা জয়ের উল্লাসে সামিল হন। তিনি অবশ্য স্ট্যান্ডেই ছিলেন।

