বিনোদন প্রতিবেদক : গত কিছুদিন ধরেই দেশে গুজব, গণপিটুনিতে মানুষ হত্যার কথা শোনা যাচ্ছে। এছাড়া সম্প্রতি ডেঙ্গুর প্রকোপে মানুষ আতঙ্কিত। এ নিয়ে সাধারণ জনগনকে সচেতন করতে আগামী ৩০ জুলাই রাজ পথে নামছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আগামী ৩০ জুলাই সকাল ১১ টায় বিএফডিসির গেইটে শিল্পী সমিতির পক্ষ থেকে চলমান গুজব ও ডেঙ্গুর প্রতিরোধে মানুষকে সচেতন করতেই আমরা মানববন্ধন করবো। এতে আমাদের কার্যনির্বাহী পরিষদসহ চলচ্চিত্র শিল্পীরা উপস্থিত থাকবেন।’
এর আগেও শিল্পীরা সমাজের সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরই ধারাবাহিকতায় চলমান গুজব, হত্যাকান্ড, ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনা বাড়াতেই শিল্পীরা রাজপথে নামছেন বলে জানান চিত্রনায়ক জায়েদ খান।

