বিনোদন ডেস্ক: নায়িকা খোঁজার মিশনে নেমেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তবে বাস্তব জীবনে নয়, ‘নায়িকার সন্ধানে’ নাটকে এমনটা দেখা যাবে। রাজীব মণি দাস রচিত নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন ইমতিয়াজ মেহেদী হাসান ও সফিউল বি জিতু।
এ নাটক প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘একটি চমৎকার কনসেপ্টে নাটকটি নির্মাণ করা হয়েছে। এটি আমাদের মিডিয়া জগতেরই গল্প। আমি এখানে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করেছি। দর্শকরা কাজটি দেখে আনন্দ পাবেন।’
নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মৌ মারমা, শফিউল আজম পিন্টু, নুসরাত লিয়া, মেহেদী হাসান জনি, ডালিম ঢালী, সানজিয়া মুন, আসাদুজ্জামান শান, জান্নাত, অনু, মিলা, কেয়া, অরণ্য শোয়েব প্রমুখ।
নাটকের বিষয়বস্তু প্রসঙ্গে নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বর্তমানে অনেক কাজই হচ্ছে। কিন্তু মিডিয়া জগতের কথা খুব কমই বলা হচ্ছে। তাই এ জগৎ এবং এ জগতের চলমান ঘটনা প্রবাহ নিয়ে নাটকটি রচনা করি। চেষ্টা করেছি দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেয়ার পাশাপাশি ভালো একটা কাজ উপহার দিতে। বাকিটা দর্শক বলতে পারবেন।’
নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, ‘অনেকেরই মিডিয়া জগৎ নিয়ে কৌতূহল থাকে। থাকে নায়িকা খোঁজা বা সিলেকশন নিয়েও নানা প্রশ্ন। মিডিয়ার সেই বাস্তব গল্প অবলম্বনে এবং দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এখন ভালো-মন্দের ভার দর্শকদের হাতে।’
সফিউল বি জিতু বলেন, ‘যতটুকু জানি একক নাটকে এই প্রথম সাতজন মেয়ে সহশিল্পী নিয়ে আ খ ম হাসান ভাই কাজ করলেন। এর আগে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমাদের ইউনিটের সবাই চেষ্টা করেছে ভালো কিছু করার। সবাইকে কাজটি দেখার অনুরোধ রইল।’

