বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তবে ঋ নামেই অধিক পরিচিত এই অভিনেত্রী।
২০১৫ সালে ‘কসমিক সেক্স’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে অনেক সমালোচিত হন তিনি। মানুষ তাকে নিয়ে সমালোচনা করলেও এ ধরনের চরিত্রে অভিনয় করে ভুল করেননি বলে তখন জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই নতুন উপলব্ধির কথা জানালেন এই নায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঋ বলেন, ‘‘আমার ‘কসমিক সেক্স’ সিনেমাটি করা উচিত হয়নি। পরিচালক, প্রযোজক আমাকে এটা বলার জন্য হেট করবেন, তবু আমি বলব ওই সিনেমাটি আমার করা উচিত হয়নি।’’
সিনেমাটি মুক্তির পর দীর্ঘ সময় কেটে গেছে। এতদিন পর ঠিক কী কারণে এমন উপলদ্ধি এই অভিনেত্রীর সে বিষয়ে ব্যাখ্যা করেননি তিনি।
সিনেমাটিতে যৌনতা ও আধ্যাত্মিকতার মধ্যে এক ধরনের সংযোগের বিষয় দেখানো হয়েছে। যেখানে দেহতত্ত্বের প্রভাব রয়েছে, যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চিত। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ঋ।
২০০৯ সালে ‘লাভ ইন ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে ঋ রুপালি জগতে পা রাখেন। ‘গান্ডু’, ‘কয়েকটি মেয়ের গল্প’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ঋ।

