বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার পরবর্তী সিনেমা স্ট্রিট ড্যান্সার-থ্রিডি।
জানা গেছে, সিনেমাটিতে এমন কিছু নাচ দেখা যাবে, যা ভারতীয় সিনেমাতে আগে দেখা যায়নি। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন এ অভিনেতা।
এদিকে সম্প্রতি স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমার শুটিংয়ে অংশ নেন বরুণ ধাওয়ান। কিন্তু সিনেমার নাচের একটি দৃশ্য করতে গিয়ে জ্ঞান হারান তিনি। এরপর চিকিৎসক জানান, নিম্ন রক্তচাপের কারণে এমনটা হয়েছে। পরে বরুণকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।
কিন্তু বিশ্রাম নিয়ে পরদিন আবারো শুটিংয়ে ফেরেন বরুণ। শুধু তাই নয়, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা সত্ত্বেও গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা ১৮ ঘণ্টা শুটিং করেন বরুণ। এর মধ্য দিয়েই সিনেমাটির শুটিংও শেষ হয়।
স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডিসুজা। এতে আরো অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, নোহা ফাতেহি, প্রভু দেবা প্রমুখ। আগামী বছর ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

