বিনোদন ডেস্ক: চার কন্যা ও এক পুত্র নিয়ে ব্রিগেডিয়ার (অব:) রিজওয়ান খানের সংসার। তিনি তার পরিবারের সকল সদস্যকে সর্বদা মিলিটারি আইনের ভেতর রাখেন। এমন কঠিন আইনে পরিচালিত পরিবারটির গল্প শুরু হয় কাজের লোককে বিদায় করে দেয়ার মধ্য দিয়ে।
ব্রিগেডিয়ার সাহেব কাজের লোক বিদায় করে বাসার সব কাজ পুত্র-কন্যাদের মধ্যে ভাগ করে দেন। সব কিছুতেই তাদের প্যাঁচ লাগানোর অভ্যাস— তারা এই কাজেও প্যাঁচ লাগিয়ে ফেলে। এরই মধ্যে তাদের দূর সম্পর্কের আত্মীয় বিএ পাশ ছেলে আফজাল বাসায় ওঠে চাকরির খোঁজে। তাকে নিয়ে রিজওয়ান সাহেব উদ্ভট সব প্রজেক্ট হাতে নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিষয়টি পারিবারিক’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, ফখরুল বাশার মাসুম, মিশু সাব্বির, সাজু খাদেম, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।
আজ মঙ্গলবার রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব। সপ্তাহের প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রচার হবে এটি।

