স্পোর্টস ডেস্ক : বাউন্সারের আঘাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের মৃত্যু সবাইকে এখনো শিহরিত করে। ফের বাইশ গজে ফিরল ফিল হিউজের স্মৃতি! এবার বাউন্সারে মৃত্যু হল দক্ষিণ কাশ্মীরের তরুণ ক্রিকেটার জাহাঙ্গীর আহমেদের৷
স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দফতর ৷ জেলা স্তরের এই টুর্নামেন্টে ম্যাচ ছিল বারামুল্লা ও বুদগামের মধ্যে ৷ ম্যাচটি আয়োজন করা হয় দক্ষিণ কাশ্মীরের অন্তনাগ জেলার নানিল গ্রামে ৷ বারামুল্লার হয়ে খেলছিলেন ১৭ বছরের জাহাঙ্গীর৷
বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যান বাউন্সার হুক করতে গিয়ে মাথায় গুরুতর চোট পান ৷ জাহাঙ্গীরের ঘাড় ও মাথার মাঝে বল লাগে৷ হেলমেট পরে থাকা সত্ত্বেও এত জোড়ে বল লাগে যে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বারামুল্লার এই ব্যাটসম্যান৷ দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷
তরুণ এ ক্রিকেটারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে জম্ম-কাশ্মীরের যুব ও ক্রীড়া দফতরের ডিরেক্টর জেনারেল তথা স্পোর্টস ডক্টর সালেম-উর-রহমান জানান, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ হেলমেট পরে থাকা সত্ত্বেও হুক মারতে গিয়ে মাথায় গুরুতর চোট পায় জাহাঙ্গীর৷ কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ও৷’ দশম শ্রেণির ছাত্র জাহাঙ্গীরের বাড়ি উত্তর কাশ্মীরের গুশবার্গ গ্রামে৷

