ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি থেকে ছয়টি নাটকের ইঙ্গিত পাবে

Link Copied!

বিনোদন ডেস্ক: ‘ছয়টি নাটক থেকে অংশ বিশেষ নিয়ে আমরা স্বাতন্ত্র্য একটি কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করেছি। যে জায়গায় শুধু সম্পর্ক প্রাধান্য পেয়েছে। সেই সঙ্গে এতে দেশজকরণও করেছি। নাটকটি দেখে আবার মনে হবে না এটা দেশের বাইরের’, কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবার মঞ্চে নিয়ে আসছে নাটক— ‘অপরেরা’। এর পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আশিক রহমান লিয়ন। এই নাটক সম্পর্কে কথাগুলো বলেন এই নির্দেশক। ৬টি প্রকৃতিবাদী ও বাস্তববাদী নাটকের আশ্রয় তৈরি হয়েছে ‘অপরেরা’ নাটকের গল্প। এ নাটকগুলো হলো: অগাস্ট স্টিন্ডবার্গ রচিত ‘দ্য ফাদার’ ও ‘মিস জুলি’, হেনরিক ইবসেন রচিত ‘এ ডল’স হাউজ’, ‘দ্য লেডি ফ্রম দ্যা সী’ এবং আন্তন চেখভ রচিত ‘থ্রি সিস্টার্স’ ও ‘দ্য সীগাল’।
এই নির্দেশক আরো বলেন, ‘‘শিল্প বিপ্লবোত্তর আধুনিক ইউরোপীয় নাট্যভুবনে এই নাট্যকারদের নাটকগুলোতে নর-নারীর বহুমাত্রিক সম্পর্কের উদ্ভাবনী বয়ানের জন্য এগুলো মাস্টারপিসে পরিণত হয়েছে। প্রণয় ও পরিণয়, শিল্প ও শিল্পী এই দুই স্তরে ভালোবাসা কি করে বিকশিত হয়, বিক্রিয়া করে ও পরিণতির দিকে ধেয়ে যায় এই ভাবনাগুলো প্রযোজনায় নিরীক্ষা ও সৃজিত হয়েছে ‘অপর’ ধারণা দিয়ে। ফরাসি চিন্তক রোলাঁ বার্থ ‘অ্যা লাভার’স ডিসকোর্স’ বইয়ে জার্মান দার্শনিক নিৎশের দোহাই দিয়ে বলেছেন, ‘আমি যাকে ভালোবাসি সে হলো আমার অপর।’ এই অপরকে আমি ছকে ফেলতে পারি না। নিখুঁতভাবে অপর হলো অনন্য। এটি একটি একক ছবি (ইমেজ)। এটি অলৌকিক, আসে বিশেষ বাসনার সঙ্গে সম্পর্ক করতে। এই অপর হলো আমার সত্যের অবয়ব। এর কোনো বাঁধাধরা ছাঁচ নেই। অপরেরা তাই অভিনয় ও নাট্যের ভাষায় আমাদের জীবনের, আমাদের সত্য ছবির খোঁজ করে।’’
এই নাটকগুলো কেন বাছাই করলেন? এমন প্রশ্নের উত্তরে আশিক রহমান লিয়ন বলেন, ‘প্রথমত: এটা আমাদের একাডেমিক কোর্স। বাস্তববাদী অভিনয়টা কীভাবে করতে হয় এই কোর্সটা আমি পড়াই। তাছাড়া ওই নাটকগুলো বাছাই করতে হয় যেগুলো— আধুনিক, বাস্তববাদী ও প্রকৃতিবাদী। যে নাটকগুলো বেডরুম, কিচেন অর্থাৎ দৈনন্দিন জীবনের বাস্তবতা নিয়ে আসে। এই কোর্সটি সম্পাদনের জন্য এ নাটকগুলো প্রয়োজন। দ্বিতীয়ত: ১৯৯৬-৯৭ সালের দিকে ছন্দা আপা (গোলাম ফরিদা), বন্যা মির্জা, শাহীন স্যারের নির্দেশনায় এই নাটকগুলো মঞ্চস্থ করেছিলেন। থিয়েটার আর্ট ইউনিটেরও কিছু কাজ দেখেছিলাম। এই ঘরানার নাটকগুলো ফিরে আসা দরকার। কারণ খুব সহজভাবে মানব-মানবীর সম্পর্কগুলো উপস্থাপন করে। আমাদের নাগরিক সমাজের সম্পর্কের রূপরেখার সঙ্গে এই নাটকগুলো মিলে যায় এবং তা সমকালীন হয়।’
‘এই কোর্সের শিক্ষার্থীরা এ সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার সুযোগ পায়। আরেকটি স্বপ্ন ছিল— এই তিনজন বিখ্যাত নাট্যকারের নাটকের বিষয়ে মানুষের খুবই আগ্রহ রয়েছে। মানুষ জানতে চায়, বুঝতে চায়। হয়তো মানুষ পড়ার সুযোগ পায় না। এই নাটক দেখে এই ছয়টি নাটকের সারমর্মের বিষয়ে ইঙ্গিত পেয়ে যাবে। যদিও আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করেছি। তাছাড়া যারা থিয়েটার প্র্যাকটিস করছেন তারাও উপকৃত হবেন বলে বিশ্বাস করি। কারণ একটি থেকে ছয়টি নাটকের ইঙ্গিত পাবে। এতে তাদের আগ্রহ তৈরি হবে’, বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে আগামী ১০-১৪ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘আপরেরা’ নাটকটি। এতে অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৩য় বর্ষ, ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা।
আশিক রহমান লিয়ন নির্দেশিত উল্লেখযোগ্য নাটক হলো— ‘হ্যামলেট’, ‘শ্রাবণ ট্র্যাজেডি’, ‘নিশিমন বিসর্জন’, ‘মৃচ্ছকটিক’, ‘রাইডারস টু দ্য সী’, ‘বিট্রেয়াল’, ‘মহুয়া’ প্রভৃতি।