স্পোর্টস ডেস্ক : শঙ্কাটাই শেষপর্যন্ত সত্যি হলো। সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়লেন উসমান খাজা। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাকা হয়েছে ম্যাথু ওয়েডকে। তবে তাকে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন খাজা। গতকাল তার হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করানো হয়। রিপোর্ট যাচাই-বাছাইয়ের পর জানা যায় তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমনটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ওল্ড ট্রাফোর্ডে প্রোটিয়াদের বিপক্ষে ৩২৬ রান তাড়া করতে নামা খাজা ব্যাটিংয়ের সময় চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে ইনিংসের শেষ দিকে তিনি ফের নামলেও অসিরা প্রোটিয়াদের বিপক্ষে ১০ রানে হারে। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আসরটির পর ইংল্যান্ডের মাটিতেই শুরু হওয়া অ্যাশেজের প্রথম টেস্টেই খাজার ব্যাপারে আশাবাদী ল্যাঙ্গার।
উসমান খাজার সঙ্গে একই সময়ে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের চোটের কথা জানা গিয়েছিল। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে, মিচেল মার্শ মূল দলে যোগ দেবেন।
বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।

