স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে রোহিত শর্মার। ভারত ওপেনার প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়ে করেছেন টানা তিন সেঞ্চুরি।
এবারের বিশ্বকাপে এটি রোহিতের পঞ্চম সেঞ্চুরি। বিশ্বকাপের এক আসরে পাঁচ সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার চার সেঞ্চুরি ছিল আগের রেকর্ড।
দুই বিশ্বকাপ মিলিয়ে রোহিতের সেঞ্চুরি হয়েছে মোট ছয়টি। বিশ্বকাপের ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও। সমান ছয়টি সেঞ্চুরি আছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
এসবের বাইরেও আরেকটি অর্জনে নাম লিখিয়েছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেই যা এর আগে ছিল মাত্র একজনের। কোনো একটি সিরিজ কিংবা টুর্নামেন্টে পাঁচ সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান ৩২ বছর বয়সি এই ওপেনার।
রোহিত স্পর্শ করেছেন ৬৪ বছর পুরোনো রেকর্ড। ১৯৫৫ সালে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইড ওয়ালকট।

