নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল গত ৪ জুলাই। এ উপলক্ষ্যে আগামীকাল সোমবার (৮ জুলাই) ঢাকায় আমেরিকান সেন্টারে ‘মিউজিকবাজ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী বালাম এবং জুলি।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। এই মনোজ্ঞ আয়োজনে সর্বসাধারণের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য নির্দিষ্ট লিংকে (https://www.surveymonkey.com/r/KQJ99KH?fbclid=IwAR2YHjIEm6Yvz_il0nZQGnAM5uyn4NAVkjNDTuAOFs_iLywxNP003UxHvzM) আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত নাম এন্ট্রি করা যাবে।
আমেরিকান সেন্টার সূত্র জানায়, ১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুইদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস।
কিন্তু ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর ২ আগস্টে হলেও প্রত্যেক বছর ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাইয়ের আগে ১৩টি উপনিবেশ একসঙ্গে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।
প্রতি বছর চোখ ধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনিরা। ঢাকাস্থ মার্কিন দূতাবাসও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে।

