স্পোর্টস ডেস্ক : এক যুগ পর ব্রাজিল নাকি চার দশক পর পেরু? ব্রাজিলের নবম নাকি পেরুর তৃতীয়?
কে জিতবে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের বর্তমান আসরের শিরোপা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। কোপা আমেরিকা ২০১৯ এর ফাইনালে ঐতিহাসিক মারাকানায় আজ রাতে পরস্পরের মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।
এ পর্যন্ত আট বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল যার সর্বশেষটি ২০০৭ সালে আর পেরুর ঘরে গেছে দুই শিরোপা সর্বশেষ ১৯৭৫ সালে।
টুর্নামেন্টের আগেই দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারিয়ে বড়সড় ধাক্কা খাওয়া ব্রাজিল দলে খুব কমই টের পাওয়া গেছে নেইমারের অনুপস্থিতি। কৌতিনহো, জেসুস, ফিরমিনোদের দলগত পারফরম্যান্সে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠার পর প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় তিতের দল। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারায় ২-০ গোলে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও খায়নি ব্রাজিল। এছাড়া সব মিলিয়ে গত ৭ ম্যাচে ব্রাজিলের রক্ষনদুর্গ ভেদ করে গোল করতে পারেনি কোন দল।
স্বাগতিক হিসেবে কোপা আমেরিকায় ৪ বার অংশগ্রহন করে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। ঘরের মাঠে আরেকবার শিরোপার উল্লাসে মাততে আজকের ফাইনালেও তাই ব্রাজিলই ফেবারিট।
তবে গ্রুপ পর্বের দেখায় ব্রাজিলের বিপক্ষে ০-৫ গোলে হারলেও এ ম্যাচে মোটেই হালকা করে দেখার সুযোগ নেই পেরুকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। অবশ্য ব্রাজিলের শক্ত রক্ষন বাঁধা পেরিয়ে জালের ঠিকানা পেতে বড় পরীক্ষাই দিতে হবে গেররেরো, কুয়েবাদের।

