স্পোর্টস ডেস্ক : অলরাউন্ড পারফরম্যান্সে চলতি বিশ্বকাপে নতুন করে নিজেকে চিনিয়েছেন বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। কিন্তু দলীয় ব্যর্থতায় শেষ পর্যন্ত দলকে সেমিফাইনালে নিতে পারেননি সাকিব।
দলীয় অধিনায়ক মাশরাফির তাই সাকিবের জন্য আক্ষেপ থাকলেও আশার বাণী শুনিয়েছেন ভবিষ্যতের জন্য। বাংলাদেশকে পরপর দুই বিশ্বকাপে নেতৃত্ব দেয়া ‘ম্যাশ’ আশাবাদী এই সাকিবে অনেক দূর যাবে বাংলাদেশ। সাকিবকে সাথে নিয়ে দলের তরুণ খেলোয়াড়েরা দলকে নিয়ে যাবে আরো সফলতার দিকে।
‘‘প্রথমে আমার সাকিবের কথা বলা উচিৎ। আমি মনে করি সে পুরোপুরি অসাধারণ ছিল। সে ব্যাটিং করেছে তিন নম্বরে এবং সে যা পারে করে দেখিয়েছে। আমি আসলেই তাঁর জন্য সরি ফিল করছি, শুধু আমি নই, পুরো দলই করছে। সে যেভাবে খেলেছে এই দলটি হয়তো ভিন্ন জায়গায় থাকতে পারতো এখন যেখানে আছে সেখানে না থেকে। আমি মনে করি সে অন্যতম সেরা পারফর্মার সবসময়ের জন্য, এই বিশ্বকাপেও। তবে এরপরেও আমরা সেমিফাইনালে যেতে পারিনি কিংবা আমরা যেখানে যেতে চেয়েছি সেটি পারিনি। এরপরেও আমি মনে করি সাকিব জানতো তাঁর ভূমিকা কি এবং তাঁর কাজ কি হবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে।
“আশা করি ছেলেরা এগিয়ে যাবে আগামীতে তাঁর সঙ্গে। আর মুশি দারুণ ব্যাটিং করেছে। হ্যা সে কখনো কখনো দুর্ভাগা ছিল, তবে আমি মনে করি সে দারুণ ব্যাটিং করেছে। বাকি ছেলেরা ইন অ্যান্ড আউট ছিল।”

