স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনারের আশা শেষ বাংলাদেশের। ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারদের কাছ থেকে বড় কোনো ইনিংস না আসায় শেষপর্যন্ত ২৮ রানে হেরেছে টাইগাররা। তবে ওই ম্যাচের শেষ দিকে হার নামা হাফসেঞ্চুরির জন্য সাইফউদ্দিনের প্রশংসা সবার মুখে মুখে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলেছেন, বাংলাদেশ দলের সত্যিকারের নম্বর এইট ব্যাটসম্যান সাইফউদ্দিন।
বুমরাহ-ভুবনেশ্বরদের কঠিন বোলিং মোকাবিলা করে গতকাল সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ৩৮ বলে ৫১ করে। শেষ পর্যন্ত তিনি নাকি একাই জিতিয়ে দেওয়ার বিশ্বাস রেখেছিলেন। আট নম্বরে তার এমন ব্যাটিং নৈপুণ্যের পর বাংলাদেশের ব্যাটিং লাইন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন রোডস।
‘মনে হয় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা ব্যাটিং লাইনে পরিবর্তন ঘটতে পারে। লো অর্ডার থেকে রান আসার পর লোকেরা এটা নিয়ে কথা বলা শুরু করেছে। সত্যিকার অর্থে আধুনিক ক্রিকেটে আট, নয়, দশ এমনকি এগারোতে এসেও ব্যাট হাতে দলকে জেতানোর মতো খেলোয়াড় দরকার আপনার। তাই এসব সমস্যা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে।’
সাইফউদ্দিনের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সন্তুষ্ট টাইগার কোচ। তাকে আট নম্বরের দুর্দান্ত ব্যাটসম্যান মনে করেন তিনি। রোডসের মতে, ‘আমি মনে করি এই অবস্থানে সে (সাইফউদ্দিন) দুর্দান্ত একজন খেলোয়াড়। সে বাংলাদেশের নম্বর এইট। এখানে সে ভালো করলে আমাদের অবস্থানটি দারুণ হবে। আমরা নয়, দশ ও এগারো নম্বর ব্যাটসম্যানদের কাছ থেকেও ভালো স্কোর চাই। সব মিলিয়ে এটা একটি দলীয় খেলা। স্কোর গড়ার জন্য আমরা ব্যাটসম্যান ও অলরাউন্ডার পেয়েছি। আমি মনে করি সেরা দলগুলোই কেবল এসব সুবিধা পেয়ে থাকে। সাইফউদ্দিন চমৎকার খেলা দেখিয়েছে এবং শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য সে সব ধরনের চেষ্টা করেছে।’

