বিনোদন ডেস্ক: অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে আলোচনায় এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। এ অভিনেত্রী বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, একবারই প্রেমে পড়েছি। ওই এক ব্যক্তির সঙ্গে আমার প্রকৃত ও লম্বা সময় ধরে সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আমাদের সম্পর্কটাও ছিল একটু অন্যরকম। এখনো ওই ব্যক্তি আমার ভালো বন্ধু, তাকে আমার ভালো ও খারাপ সময়ে কাছে পাই।’
তিনি আরো বলেন, “মনে পড়ে, স্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় প্রেম করেছি। আমার মা আমাকে ফোনে কথা বলার সময় ধরে ফেলে এবং বলে, ‘তোমার এত বড় সাহস বোর্ড পরীক্ষার আগে প্রেম করছো, এখন কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না।’ কিন্তু আমার বয়ফ্রেন্ড খুব ভালো ছাত্র ছিল। সে আমার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল।”
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও বলিপাড়ায় চাউর হয়েছে। এ গুঞ্জন উড়িয়ে দিয়ে কিয়ারা বলেন, ‘আমি সত্যিই সিঙ্গেল। তবে প্রেম বিরোধী নই।’ ভবিষ্যতে কোনো অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন কি না? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘বলতে পারছি না। আমি বলতে চাইছি না কারণ দেখা যাচ্ছে কয়েক বছর পর ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সম্পর্কে জড়াব না, তবে এখন পেশা কোনো ব্যাপার নয়।’
২০১৪ সালে ফুগলি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা। এরপর হিন্দির পাশাপাশি তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন। তবে গত বছর লাস্ট স্টোরি সিনেমায় অভিনয় করে বেশি আলোচনায় আসেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার কবির সিং সিনেমাটি। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া অক্ষয় কুমার, কারিনা কাপুর খান ও দিলজিৎ দুসাঞ্জের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে তাকে।

