স্পোর্টস ডেস্ক : গত দুটি কোপা আমেরিকা টুর্নামেন্টে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই আক্ষেপ ঘূচানোর মিশন নিয়ে এবারের কোপায় প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরুর প্রত্যাশায় ছিল দলটি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পায় আলবিসেলেস্তেরা। হারের পর এমন শুরু চাননি বলে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে রোববার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে আর্জেন্টিনা। শুরু থেকে এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনা কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচ শেষে প্রত্যশার চাপের কথা জানলেও পরের ম্যাচে ঘুর দাঁড়ানোর কথা জানিয়েছেন বার্সেলোনা সুপারস্টার মেসি।
‘আমরা এমন শুরু চাইনি। কিছুটা স্নায়ুচাপ ছিল, ভালো শুরুর চাওয়া ছিল, ভুল না করার প্রতিশ্রুতি ছিল। আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। কেননা এটা কেবল শুরু। কোনো অজুহাতের সময় নেই। মাথা তুলে আমাদের এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

