স্পোর্টস ডেস্ক : ইডেন হ্যাজার্ড ও লুকা জোভিচের মতো তারকাদের ইতিমধ্যেই দলে যুক্ত করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফারল্যান্ড মেন্ডির চুক্তিও এক প্রকার নিশ্চিত। এবার নতুন মৌসুম শুরুর আগে সময়ের সেরা আরেক তারকা ফুটবলার পল পগবার দিকে নজর রিয়ালের।
আক্রমণের পর এবার মাঝমাঠে শক্তি বাড়াতে মনযোগী রিয়াল মাদ্রিদ। এ ক্ষেত্রে ক্লাব ও বর্তমান কোচ জিনেদিন জিদানের পছন্দ পল পগবাকে। দ্বিতীয়বারের মতো জিদান রিয়ালে যোগ দেওয়ার পর পগবার সান্তিয়াগো বার্নাবুত্যে আসার গুঞ্জন বাড়ছে। স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়ামাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পগবাকে পেতে সবকিছুই নাকি করতে প্রস্তুত রিয়াল।
সময়ের সেরা কোচ জিদানকে সুখী রাখতে যে কোনো কিছুই করতে প্রস্তুত রিয়াল। তবে পগবার মতো মিডফিল্ডারকে দলে ভেড়ানোটা সহজ হবে না তাদের। ফরাসি এ তারকাকে ১৫০ মিলিয়ন ইউরোর নিচে ছাড়তে চাইবে না ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। মাঝমাঠে ক্রিস্টিয়ান এরিকসন ও ডন্নি ফন ডি বিকের মতো বিকল্প খেলোয়াড়রা রয়েছেন। তবে জিদানের আবদার মেটাতে ২৬ বছর বয়সি পগবাকেই চড়া মূল্যে দলে নিতে পারে মাদ্রিদের ক্লাব।

