বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবর দীর্ঘদিন ধরেই গ্যাংরিন (পচন রোগ) সমস্যায় আক্রান্ত হয়ে ভুগছিলেন। সর্বশেষ গতকাল রোববার (৯ জুন) রাজধানীর কমফোর্ট হাসপাতালে অপারেশনের মাধ্যমে দেহ থেকে তার বাম পা অপসারণ করা হয়। তার স্ত্রী লতিফা বাবর এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি সরকারের সাহায্য প্রার্থনা করেন।
বাবরের বাঁ পায়ের তিনটি আঙুল গ্যাংরিন রোগে আক্রান্ত ছিল। গত ৩ মে চিকিৎসকের পরামর্শে তাঁর আক্রান্ত তিনটি আঙুল কেটে ফেলা হয়। ক্রমেই তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে। চিকিৎসক তার পুরো শরীর বাঁচাতে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন। সেই অনুযায়ী গতকাল তার অপারেশন করা হয়। তিনি বর্তমানে কমফোর্ট হাসপাতালে চিকিৎসক খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে আছেন বলে জানান লতিফা বাবর। তিনি অভিনেতা বাবরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
লতিফা বাবর আরো বলেন, ‘উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বাবর। ঠিকমতো চিকিৎসা করাতে পারি না অর্থের অভাবে। প্রথমদিকে নিজেদের টাকায় চিকিৎসা করালেও এখন ধারদেনা করতে হচ্ছে। এভাবে কতদিন কি করাতে পারবো বুঝতে পারছি না। বাবরের শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। আমাদের পক্ষেও তার চিকিৎসা ব্যয় চালানো সম্ভব নয়। এ মুহূর্তের তার সরকারি সাহায্যের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী বাবরের প্রতি সদয় হলে আমরা একটু নিশ্চিত হতাম। বাবর তার পুরোটা জীবনই চলচ্চিত্রের জন্য ব্যয় করেছেন। এখনো তিনি চিত্রনাট্য লিখছেন শুয়ে-বসে। তিনি জানেন আর কাজ করতে পারবেন না, তবুও ভালোবাসার কারণে লিখে চলেছেন।’
রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন শক্তিমান এই খল অভিনেতা। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন তিনি। তখন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু হয় রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। বাবর ‘দাগী’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’ নামক চলচ্চিত্র। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি।

