বিনোদন প্রতিবেদক : শ্রোতানন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা যায় তাকে। ঈদ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে তার বেশ কিছু গান। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘আনাচে কানাচে’ শিরোনামের গান।
‘কাছে থাকলেই রোদ আকাশে, কথা বললেই, ফুলেরা হাসে, কী মুগ্ধতা মিশে রয় বাতাসে, দূরে গেলে হায়, মেঘে ঢেকে যায়, এই মনের আনাচে কানাচে’-এমন কথায় গানটি লিখেছেন জাহিদ আকবর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শেখ সৈকত। এর মিউজিক ভিডিও নির্মাণ করেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন আসিফ আকবর ও ফারহানা অনি। ইউটিউবে প্রকাশ করার পর গানটি বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এসএস মিউজিক ক্লাব নামের একটি ইউটিউব চ্যানেলে ৪ মিনিট ৩ সেকেন্ডের এ মিউজিক ভিডিওটি গত ৫ জুন প্রকাশ হয়েছে। এরই মধ্যে ৭৮ হাজার এরও অধিকবার গানটির ভিডিও দেখা হয়েছে।
গীতিকার জাহিদ আকবর বলেন, ‘এর আগে ২০১২ সালে প্রথমবার আসিফ ভাইয়ের গান লেখি। এটা আমাদের দ্বিতীয় গান। গানটির বিশেষত্ব হচ্ছে, আসিফ ভাইয়ের কাছ থেকে যে ধাঁচের গান সবসময় দর্শক-শ্রোতারা পেয়ে থাকেন ‘আনাচে কানাচে’ তেমনটি নয়, কিছুটা অন্যরকম।’

