বিনোদন ডেস্ক : গত বছর ঈদ উপলক্ষে পরিচালক তানভীর সানি নির্মাণ করেন একক নাটক ‘প্রেমিকার বিয়ে’। এতে অভিনয় করেন মিশু সাব্বির, শামীম হাসান সরকার, সোনিয়া হাসান, লাবণ্য লিজা প্রমুখ। প্রচারের পর দর্শকদের কাছ থেকেও বেশ ভালো সাড়া পায় এটি।
দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল ‘প্রেমিকার বিয়ে টু’। নাটকটি রচনা করেছেন ফাহমিদুর রহমান ও কলিন রড্রিক। পরিচালনা করেছেন তানভীর সানি। তবে এবার অভিনয়শিল্পীদের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিশু সাব্বির, তাসনিয়া ফারিয়া, হিন্দোল প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, মারুফ প্রেমের সম্পর্কে জড়ানোর কিছুদিন পরই তার প্রেমিকার কপালে ভালো পাত্র জুটে যায়। পাত্র খোঁজার জন্য তাই ঘটকের কাছে না গিয়ে সবাই মারুফের কাছে আসতে থাকে। এক পর্যায়ে মারুফ এটাকে ব্যবসা বানিয়ে ফেলে। একদিন কু-খ্যাত সন্ত্রাসী খোদাবক্স তার কাছে আসে, একমাত্র মেয়ে ঝুমুরের জন্য পাত্র খুঁজতে। মারুফ খোদাবক্সের কথায় ঝুমুরের সঙ্গে প্রেম করার সিদ্ধান্ত নেয়।
স্বাধীনচেতা ঝুমুরকে প্রেমের ফাঁদে ফেলা মারুফের কঠিন হয়ে পড়ে। তবে ঝুমুর মারুফের প্রেমে পড়ে। এরপর তারও ভালো এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়। কিন্তু মারুফ বুঝতে পারে সে নিজেও ঝুমুরের প্রেমে পড়ে গেছে। বিয়ের দিন দাওয়াত খেতে এসে মারুফ ঝুমুরকে নিয়ে পালাতে গিয়েও আবার ফিরে আসে। বুকে সাহস নিয়ে তার ভালোবাসার কথা জানায় খোদাবক্সকে। তারপর গল্পে নতুন মোড় আসে।
ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

