স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আজারবাইজানের বাকু শহর থেকে যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।
প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে পারেনি আর্সেনাল। তবে কোচ ইউনাই এমরির আমলে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এখনো রয়েছে তাদের সামনে। আর সেটা পেতে হলে আজ ইউরোপা লিগের ফাইনালে চেলসিকে হারাতে হবে। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে খেলার।
আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত শাকা বলেছেন, ‘আর্সেনালের মতো একটি ক্লাবের চ্যাম্পিয়নস লিগে থাকা উচিত। আমরা দর্শকদের চ্যাম্পিয়নস লিগ ফেরত দিতে চাই। আমরা একটি শিরোপা জিততে পারি এবং চ্যাম্পিয়নস লিগে ফেরত যেতে পারি।’
অবশ্য চেলসি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগের টিকিট আগেই পেয়েছে। তবে ইউরোপা লিগের শিরোপা জিতে তারা বিদায়ী ইডেন হ্যাজার্ডকে উপহার দিতে যায়। হ্যাজার্ড মৌসুম শেষে যোগ দিবেন রিয়াল মাদ্রিদে। অন্যদিকে কোচ মাউরিজিও সারির ভাগ্যও অনেক নির্ভর করছে এই ম্যাচের উপর।
সারি অবশ্য গেল ২৯ বছর ধরে কোচিং পেশায় রয়েছেন। তিনি বিভিন্ন দেশের ১৯টি ভিন্ন ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কখনোই বড় কোনো শিরোপা জেতাতে পারেননি। এবার তার সামনে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে।
অবশ্য সবশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রয়েছে চেলসি। পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে আর্সেনাল। একটিতে জিতেছে চেলসি। দুটিতে হয়েছে ড্র। আজ কি আর্সেনাল আরো একটি জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগে সুযোগ করে নিবে? নাকি সারির শিষ্যরা তাকে প্রথম কোনো বড় শিরোপা উপহার দিবে? সেটা জানতে অপেক্ষা করতে হবে ভোর রাত পর্যন্ত।

