বিনোদন ডেস্ক: বলিউডের ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ একটি গান গেয়েছেন তিনি।
‘মা’ শিরোনামের গানটি লিখেছেন পুনিত শর্মা। এটির মিউজিক করেছেন অনুজ গার্গ। অমিতাভের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন যজত গার্গ। এটি পরিচালনা করেছেন সুজিত সিরকার।
গানটির শুরু ছবির স্লাইড শো দিয়ে। এতে সাহসী ও অনুপ্রেরণাদায়ী মায়েদের ছবি দেখানো হয়েছে। ভিডিওতে অমিতাভ ও তার মা তেজি বচ্চনের ছবিও রয়েছে। সাদা-কালো ফ্রেমে ছবিটিতে অমিতাভের ছোটবেলার ছবি দেখা গেছে।
গান প্রসঙ্গে সুজিত সিরকার বলেন, ‘এই গানটি শুধু যারা মা হারিয়েছেন তাদের জন্য নয়, বরং এখনো মায়েদের ভালোবাসা পাচ্ছেন তাদের জন্যও। গানটির আইডিয়া প্রথম মাথায় আসে একটি মিউজিক শুনে। অনুজ তার স্ত্রীর জন্মদিনে ছেলে যজত গার্গের (গানটিতে শিশু কণ্ঠ দিয়েছে) হয়ে একটি সুর শুনিয়েছিলেন। এরপর আমি মায়েদের নিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নির্মাণের চিন্তা করি। যেহেতু গানের সুর আমাকে খুব নাড়া দিয়েছিল, তাই আমার মনে হয়েছে এই গানের কথার সুবিচার একমাত্র অমিতাভ বচ্চনের কণ্ঠের মাধ্যমেই করা সম্ভব। তাই আমি প্রতিক্রিয়া জানার জন্য তাকে তার মায়ের সঙ্গে একটি ছবি পাঠায়। তিনি জানান, এটি অসাধারণ আইডিয়া এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। শিশু ও বয়স্ক উভয়ের দৃষ্টিকোণ থেকে এটিকে একটি রূপ দিতে চেষ্টা করেছি। বয়স কোনো ব্যাপার নয়, আমরা সবসময় আমাদের মায়েদের স্মরণ করি।’

