বিনোদন ডেস্ক: অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে ফুগলি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন। তবে গত বছর লাস্ট স্টোরি সিনেমায় অভিনয় করে বেশি আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় তিনি জানান, তার আসল নাম কিয়ারা নয়। অভিনেতা সালমান খানের পরামর্শে নাম পরিবর্তন করেছেন তিনি।
কিয়ারা আদভানি বলেন, ‘আমার নাম আলিয়া। সালমান খান আমাকে নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, এর কারণ আলিয়া ভাট। বলিউডে একই নামের দুই অভিনেত্রী থাকতে পারে না। তিনি পরিবর্তন করার পরামর্শ দিলেও কিয়ারা আমার পছন্দ করা নাম। এমনকি আমার মা-বাবাও এখন আমাকে কিয়ারা বলে ডাকেন।’
কিয়ারা আদভানিকে সর্বশেষ দেখা গেছে কলঙ্ক সিনেমায়। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার পরবর্তী সিনেমা কবির সিং। সিনেমাটিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া অক্ষয় কুমার, কারিনা কাপুর খান ও দিলজিৎ দুসাঞ্জের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে তাকে।

